২.১ নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
২.২ বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত পদের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে তাকে সে মর্মে বি.এম.ডি.সি. কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant's Copy) এর সাথে জমা দিতে হবে। একইভাবে ভিন্ন নামের কোন ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
২.৩ যদি কোন প্রার্থী এম.বি.বি.এস. অথবা সমমান, বি.ডি.এস. অথবা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ঐ পরীক্ষার ফলাফল ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র জমা দানের (অনলাইন রেজিস্ট্রেশনের) শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার এম.বি.বি.এস./সমমান, বি.ডি.এস./সমমানের সকল লিখিত পরীক্ষা ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৫.১০.২০২৬ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হবে এবং তিনি উক্ত লিখিত পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করবেন। তবে, শর্ত থাকে যে উক্ত লিখিত পরীক্ষাসমূহের কোনটিতে ফেল করাplus অন্য কোন কারণে ডিগ্রি অর্জিত না হলে তার প্রার্থীতা বাতিল হবে।
৩.০ অনলাইনে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়
৩.১ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সকাল ১০.০০ টা।
৩.২ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টা।
৩.৩ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৫.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টার মধ্যে System হতে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ২৮.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত) সময়ের মধ্যে বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৩.৪ অনুচ্ছেদ ৩.৩ এ বর্ণিত সময় অনুযায়ী (যা Applicant's Copy-তে উল্লেখ করা থাকবে) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না।
৪.০ বয়সসীমা (Age limit)
০১.০৯.২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর হতে হবে।
৫.০ নাগরিকত্ব (Nationality)
৫.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৫.২ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
৬.০ লিঙ্গ (Gender)
বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের সকল নাগরিক ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।
৭.০ চাকরিরত প্রার্থী
প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৮.০ অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) পূরণ পদ্ধতি
প্রার্থীকে Teletalk BD Ltd এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণের বিষয়ে "৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে 'ফি' জমাদান এবং Admit Card প্রাপ্তি" শিরোনামে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থী উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন।
৯.০ ঘোষণা (Declaration)
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ এর সুপারিশ বাতিল করা এবং কমিশন কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১০.০ ছবি (Photo) আপলোড
BPSC Form-1 এর Part-1, Part-2 এবং Part-3 সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে 300 × 300 (দৈর্ঘ্য × প্রস্থ) pixel এর কম বা বেশি নয় এবং File Size 100 KB এর বেশি নয়, এরূপ অনধিক তিন মাস পূর্বে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে।
১১.০ স্বাক্ষর (Signature) আপলোড
Application Preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য × প্রস্থ) 300 × 80 pixel এর কম বা বেশি নয় এবং File Size 60 KB এর বেশি নয়, প্রার্থীকে এরূপ মাপের নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। Applicant's Copy-তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে।
১২.০ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪) (ক) (খ) এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান
অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী অনলাইনে একটি User ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Application Preview Applicant's Copy-তে প্রার্থীর ছবি স্বাক্ষর অবশ্যই দৃশ্যমান হতে হবে। এই User ID ব্যবহার করে Teletalk BD Ltd. এর SMS এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪) (ক) অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে SMS করে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর ফি ২০০/- (দুইশত) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা জমা দিবেন। একই বিধিমালার বিধি ৯(৪) (খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা জমা দিবেন। উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোন প্রার্থী ৫০/- (পঞ্চাশ) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা ফি জমা করে ফরম পূরণ করলে আবেদনপত্র বাতিল হবে। লিখিত পরীক্ষা (MCQ Type) ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে বর্ণিত গুরুতর (Substantive) ত্রুটির কারণে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
১৩.০ ফি জমা দেয়ার পদ্ধতি
-
প্রথম SMS:
BCS <space> User IDলিখে send করুন 16222 নম্বরে।-
Example:
BCS QRNTCBTP -
Reply:
Applicant's Name, Tk-205 (Tk-55 for Physically Disabled, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS <Space>Yes<Space>PIN and send to 16222
-
-
দ্বিতীয় SMS:
BCS <space> Yes <space> PINলিখে send করুন 16222 নম্বরে।-
Example:
BCS YES 12345678 -
Reply:
Congratulations! Applicant's Name, payment completed successfully for 51st BCS (Special) Examination-2026. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx)
-
-
N.B.: For Lost Password, Please Type
BCS<Space>HELP<Space>SSC Board<Space>SSC Roll<Space>SSC Yearand send to 16222
১৪.০ প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড
বিজ্ঞপ্তির ১৩.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত SMS বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
১৫.০ একাধিক ফরম পূরণ নিষিদ্ধ
কোন প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করলে প্রক্রিয়ায়ণের যে কোন স্তরে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে।
১৬.০ অনলাইনে BPSC Form-3 পূরণ
লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd- এর মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত উক্ত সংক্ষিপ্ত ফরম (BPSC Form-3) ডাউনলোড করবেন।
১৭.০ মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant's Copy) সহ সংশ্লিষ্ট সনদ/ডকুমেন্টস জমাদান
লিখিত পরীক্ষার (MCQ Type) ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষা (MCQ Type) এ উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর জন্য অনলাইনে পূরণকৃত BPSC Form-1 (Applicant's Copy) কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ডাউনলোড করে সংগ্রহ করবেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 সহ নিম্নোক্ত প্রয়োজনীয় সনদ/ডকুমেন্টস এর ২ (দুই) কপি (পুলিশ ভেরিফিকেশন ফর্ম ০৩ কপি) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে:
১৭.১ প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন (০৩) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি BPSC Form-1 এর বাম পাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে;
১৭.২ শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল মূল/সাময়িক সনদ এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখসহ পরীক্ষা নিয়ন্ত্রক/শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত অবতীর্ণ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। এম.বি.বি.এস/সমমান, বি.ডি.এস/সমমান পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ ব্যতীত কোন অবতীর্ণ প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না; এরূপ ক্ষেত্রে প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে;
১৭.৩ বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। "O-Level" এবং "A-Level" উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ [যেমন- জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ]। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
১৭.৪ বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এবং ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে বিজ্ঞপ্তির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি;
১৭.৫ বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি;
১৭.৬ মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোন একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে:
(ক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২৬.০২.২০০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদ;
(খ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১.০২.২০০৯ তারিখের মুবিম/সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ;
১৭.৭ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;
১৭.৮ তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;
১৭.৯ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি;
১৭.১০ প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র (NID), জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে;
১৭.১১ ছাড়পত্র: লিখিত পরীক্ষায় (MCQ Type) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের কমিশনের ওয়েবসাইটে আপলোডেড অনাপত্তি/ছাড়পত্র ফরম ডাউনলোড করে যথাসময়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল-স্বাক্ষর গ্রহণপূর্বক মৌখিক পরীক্ষার বোর্ডে ছাড়পত্রের কপি জমা দিবেন। সংশ্লিষ্ট পদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে;
১৭.১২ অপসারণ আদেশ/ইস্তফাপত্র: চাকরি হতে অপসারিত (Removed) হয়েছেন অথবা চাকরিতে ইস্তফা দিয়েছেন এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এ সব ক্ষেত্রে প্রার্থীকে BPSC Form-1 এর সাথে চাকরি হতে অপসারণ আদেশের বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে;
১৭.১৩ কোন প্রার্থী অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) জমাদানের পর মৌখিক পরীক্ষার পূর্বে কোন চাকরিতে যোগদান করলে বা চাকরি থেকে ইস্তফা দান করলে বা চাকরি থেকে অপসারিত হলে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্র/ইস্তফাপত্র গ্রহণ/অপসারণ আদেশের কপি জমা দিতে হবে। অন্যথায়, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে;
১৭.১৪ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতঃপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে NID বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের কপি জমা দিতে হবে;
১৭.১৫ প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম [পুলিশ ভেরিফিকেশন ফরম]: প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ যথাসময়ে আপলোড করা হবে। ওয়েবসাইট থেকে প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার বোর্ডে ৩ (তিন) কপি জমা দিতে হবে;
১৭.১৬ মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে পূরণকৃত BPSC Form-3 জমা দিতে হবে;
১৭.১৭ মৌখিক পরীক্ষার দিন অনলাইন ফরমের মুদ্রিত কপির সাথে উচ্চতা সেন্টিমিটারে, ওজন কে.জি. তে এবং বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ সংবলিত বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে;
১৭.১৮ BPSC Form-1 এবং সংযুক্ত সকল ডকুমেন্টস যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। কেবল লিখিত পরীক্ষা (MCQ Type) এ কৃতকার্য হলেই মৌখিক পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হবে না। লিখিত পরীক্ষা (MCQ Type) এ কৃতকার্য হওয়া যে সকল প্রার্থী সংশ্লিষ্ট সকল ডকুমেন্টের কপিসহ BPSC Form-1 এর মুদ্রিত কপি জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে।